ঢাকা : শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৪ জুন) বিকেলে বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (BASM)-এর আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (BUBC)-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.)। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. মুজাক্কিরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএএসএম (BASM)-এর মহাপরিচালক মি. কামরুল আনাম খান, এফসিএমএ (FCMA), ফ্যাকাল্টি মিস নিপা সাহা ( ফ্যাকাল্টি গ্রেড -৩ )এবং মো: সাদ্দাম হোসাইন খান ( ফ্যাকাল্টি গ্রেড -৫ )।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো, বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক সচেতনতা এবং তরুণ প্রজন্মের জন্য দায়িত্বশীল বিনিয়োগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালার একটি বিশেষ সেশনে বিএএসএম-এর ফ্যাকাল্টি মো: সাদ্দাম হোসাইন খান পুঁজিবাজারের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। তিনি ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) এবং লিস্টিং প্রক্রিয়ার (Listing Process) ধাপসমূহ তুলে ধরেন। এছাড়া, বিনিয়োগের পূর্বে তথ্য বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের কৌশল হিসেবে “Three Filter Theory for Calculative Risk Management” এবং শেয়ারবাজারে মূল্য প্রবণতা বিশ্লেষণে ‘টেকনিক্যাল অ্যানালাইসিস’ (চার্ট প্যাটার্ন, ট্রেন্ড অ্যানালাইসিস, সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল) বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি আর্থিক ও বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান শিক্ষার্থীদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় আলোচিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সঠিক উত্তরদাতাদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
এআই
আপনার মতামত লিখুন :